মায়ের লাশ ঘরে রেখেই এসএসসি পরীক্ষা দিল মারুফ
বগুড়ার সোনাতলা উপজেলা-তে এক হৃদয়বিদারক ঘটনার মধ্যেও অনন্য মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন এসএসসি পরীক্ষার্থী মেজবাউল খান মারুফ। মায়ের মরদেহ ঘরে রেখেই তিনি পরীক্ষায় অংশ নিয়ে দায়িত্ববোধের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।মারুফ সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ-এর ছাত্র এবং সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা নুরে আলম। মারুফের মা মাহমুদা বেগম (৩০) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।পারিবারিক শোকের মধ্যেও মারুফ নিজেকে সামলে নিয়ে সকাল ৯টায় সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” পরীক্ষায় অংশ নেয়।এ সময় তার পরিবারের সদস্যরা বাড়িতে মরদেহ নিয়ে শোকাহত অবস্থায় ছিলেন।পরীক্ষা কেন্দ্রের সচিব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরসালিন হাসান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মস্পর্শী। আমরা তাকে মানসিকভাবে সাহস দেওয়ার চেষ্টা করেছি। এমন পরিস্থিতিতেও পরীক্ষায় অংশ নেওয়া তার অসাধারণ মানসিক শক্তির পরিচয়।”
এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই মারুফের এই দৃঢ়তাকে প্রশংসা করছেন।