মিরপুরে মায়ের গলিত লাশ উদ্ধার, যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে সরানো
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী এক নারীর পচনধরা মরদেহ উদ্ধারের ঘটনায় মায়ের প্রতি অবহেলার অভিযোগে তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার।বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ তদন্ত কার্যক্রম চলছে।গত রোববার (৩১ মে) মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগম নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মরদেহটি দীর্ঘদিন পড়ে থাকায় পচন ধরে পোকায় আক্রান্ত হয়েছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং প্রশাসনিক পর্যায়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।