প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে উন্নয়নের পাশাপাশি মানবিক বার্তা: এমপি লুৎফুর রহমান কাজল
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উন্নয়ন ও মানবিক প্রত্যাশার নতুন আবহ তৈরি হয়েছে। অবকাঠামো উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।এই প্রেক্ষাপটে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ভূমিহীনদের পুনর্বাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “একজন ভূমিহীন মানুষকেও পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা উচিত নয়। উন্নয়ন হতে হবে মানবিক ও জনবান্ধব।”তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ভূমিহীন ও অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি। পুনর্বাসন নিশ্চিত করা গেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন যেমন সহজ হবে, তেমনি সামাজিক ন্যায়বিচারও প্রতিষ্ঠিত হবে।আজকের সফরে প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, দুলাহাজারা সাফারি পার্কে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা এবং পেকুয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া চকরিয়ায় জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি মেরিন ড্রাইভ ও পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের কথাও রয়েছে।কক্সবাজার অঞ্চলের স্থানীয় সচেতন মহল মনে করছে, উন্নয়নের পাশাপাশি ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ জনপদের উন্নয়ন আরও অন্তর্ভুক্তিমূলক হবে।
এমপি লুৎফুর রহমান কাজলের পুনর্বাসন আগে, উচ্ছেদ পরে বার্তাটি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি উন্নয়ন কার্যক্রমকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।