মা পরীক্ষা দিলেন, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও
রাজশাহীর দুর্গাপুরে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। পরীক্ষা দিতে আসা এক মায়ের ছোট শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।জানা যায়, দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশ নিতে আসেন এক নারী। বাসায় সন্তানকে দেখাশোনার মতো কেউ না থাকায় কয়েক বছরের শিশুকে সঙ্গে নিয়েই পরীক্ষা কেন্দ্রে আসেন তিনি।তবে পরীক্ষা শুরুর ঠিক আগে শিশুটিকে কোথায় রাখবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান ওই পরীক্ষার্থী মা। বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার।পরিস্থিতি বুঝতে পেরে ইউএনও নিজেই এগিয়ে আসেন। তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং পরীক্ষা চলাকালীন পুরো সময় আদর-যত্নে আগলে রাখেন। এতে ওই নারী কোনো ধরনের মানসিক চাপ ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন।ইউএনওর এমন মানবিক উদ্যোগ দেখে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা প্রশংসা করেন। অনেকেই বলেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রতি এমন সহমর্মিতাই একজন কর্মকর্তার প্রকৃত পরিচয়।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, পরীক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের লক্ষ্য। একজন মা শুধু সন্তানের দেখাশোনার সমস্যার কারণে পরীক্ষা দিতে পারবেন না এটা খুবই কষ্টের বিষয়। সেই চিন্তা থেকেই এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে।