মাদক ও অনলাইন জুয়া রোধে আউলিয়ার হাটে ফুটবল টুর্নামেন্ট,
সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর আউলিয়ার হাট বিনবিনা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত ফাইনাল খেলার আয়োজন করে আউলিয়ার হাট যুবসমাজ। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন।আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা, মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন খেলোয়াড় গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।আউলিয়ার হাটের বিশিষ্ট ব্যবসায়ী মোহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুড়িয়া শরীফ সততা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মাদ আলী মিন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. মাহফুজার রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমল কান্ত রায়।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুলিয়ারহাট হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মো. বাদশা আলী, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল বারী দুলাল, কোলকোন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী রাজ মনি, জুয়েল মিয়া ও শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও গঙ্গাচড়ার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে তার আন্তরিকতা এ আয়োজনের মাধ্যমে স্পষ্ট হয়েছে। তারা বলেন, তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে তাদের দূরে রাখা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।ফাইনাল খেলায় আউলিয়ার হাট স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিস্তা একাদশ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সকালের বাণী, রাজধানী টিভি ও আইভিও নিউজ ২৪।