ভারত-মিয়ানমার থেকে মাদক ঢুকছে, দাবি প্রতিমন্ত্রী টুকুর
প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তার ভাষ্য, এর মাধ্যমে দেশের যুবসমাজকে ভবিষ্যতে এগিয়ে যেতে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ এ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।প্রতিমন্ত্রী টুকু বলেন, বাংলাদেশে মাদকের কারখানা নেই তাহলে এসব মাদক কোথা থেকে আসছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, প্রতিবেশী দেশগুলো থেকে মাদক দেশে প্রবেশ করছে এবং এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে গুরুতর ক্ষতি হচ্ছে। সময়মতো মাদকের লাগাম টেনে না ধরলে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আজকের তরুণরাই ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাই মাদক থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপরও গুরুত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু। বাড়ির আশপাশে ডাবের খোসা, পানির পাত্রসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেগুলো পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।