গোপালগঞ্জে সরকারি জমি দখল ও মাটি কাটার মামলায় গ্রেফতার ১
গোপালগঞ্জ সদর উপজেলায় সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ এবং বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদ আলী ফকির (৩৮) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত-২০২৩) এবং পেনাল কোডের ৪৪৭/১৮৮ ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত সাহেদ আলী ফকির সদর উপজেলার নিলখী এলাকার হেমায়েত উদ্দিন ফকিরের ছেলে।গোপালগঞ্জ সদর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ জানান, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি জমি দখল, ফসলি জমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে মাটি কাটা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি বলেন, সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নেওয়া কিংবা অন্য যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার দায়ের করা মামলার একজন অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও জানান, ভূমিদস্যু, মাটি খেকো ও বালু চোরদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদে অনধিকার হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সরকারি জমি ও সম্পদ রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি জমি দখল, অবৈধভাবে মাটি কাটা, ড্রেজার দিয়ে বালু উত্তোলন কিংবা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির বিষয়ে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।এদিকে গোপালগঞ্জে সরকারি জমি দখল, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির শ্রেণি পরিবর্তন, ইটভাটার জন্য টপসয়েল বিক্রি, নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং সরকারি গাছ কাটার বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানকে সাধারণ মানুষ ও সচেতন মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।