শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শিবগঞ্জে পুকুরে বিষ, ৬০ মণ মাছ নিধন: ৭ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬০ মণ মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি ও দাইপুকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলী। তার দাবি, এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নাতোর গ্রামের লহলামারী এলাকার লিজ নেওয়া পুকুরে গিয়ে তিনি পানিতে ভেসে থাকা অসংখ্য মরা মাছ দেখতে পান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।ক্ষতিগ্রস্ত সুজন আলী জানান, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ মণ মাছ মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।তিনি আরও জানান, এর আগেও প্রায় তিন বছর আগে একই পুকুর নিয়ে বিরোধের জেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছিল। সর্বশেষ তিনি সাত লাখ ৫০ হাজার টাকা দিয়ে পাঁচ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন।সুজন আলী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানান।স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ থাকলেও বিষ প্রয়োগ করে মাছ নিধনের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জে পুকুরে বিষ, ৬০ মণ মাছ নিধন: ৭ লাখ টাকার ক্ষতি