শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

খুলনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিতর্কিত নিয়োগের অভিযোগ, ক্ষুব্ধ মহানগর বিএনপি

খুলনায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে পরিচালিত খানা তথ্যভান্ডার তৈরির কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় নেতারা এসব অভিযোগ করেন।সভায় বিএনপি নেতারা বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃত দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো রাষ্ট্রীয় সহায়তার আওতায় আসার সুযোগ পাবে। তবে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্বে বিতর্কিত বা পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে প্রকৃত তথ্য উঠে আসবে না এবং যোগ্য পরিবারগুলো সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।নেতারা দাবি করেন, খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের একটি অংশ বিতর্কিত ও নির্দিষ্ট একটি সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে এসব ব্যক্তিকে বাদ দিয়ে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।সভায় খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের বিরুদ্ধেও প্রশাসনিক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তোলেন বিএনপি নেতারা। তাদের দাবি, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়নে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত বা অনিয়ম মেনে নেওয়া হবে না। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সংশোধন না করা হলে খুলনা সিটি করপোরেশনের সামনে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।প্রস্তুতি সভায় খুলনা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

খুলনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিতর্কিত নিয়োগের অভিযোগ, ক্ষুব্ধ মহানগর বিএনপি