রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন চত্বর ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীরাও অভিযানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।অভিযান চলাকালে ইউএনও সুলতানা জেরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রতিটি ব্যক্তি ও পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সুনামগঞ্জে  বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান