মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ নতুন করে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।তিনি আরও বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে প্রতারণা করে বিদেশে পাঠানোর নামে বিপুল অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে।মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে।তিনি জানান, সামান্য কিছু খরচে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে মালয়েশিয়ায় পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অতীতের অনিয়ম দূর করে শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।