সৌদি আরবের মদিনায় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত একটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। দেশটির ঐতিহ্যবিষয়ক কমিশন জানায়, মদিনা প্রদেশের আল মাহদ গভর্নরেটে পরিচালিত প্রত্নতাত্ত্বিক জরিপের সময় এই গুরুত্বপূর্ণ নিদর্শনটি পাওয়া যায়।কমিশনের তথ্য অনুযায়ী, জরিপের প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১ হাজার ৭৭৪টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন শনাক্ত করা হয়েছে। এর মধ্যেই এই শিলালিপি অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।এছাড়া জরিপে নতুন করে আরও ১৭৩টি অজানা প্রত্নতাত্ত্বিক স্থানের সন্ধান মিলেছে, যা অঞ্চলটির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ বহন করে।আবিষ্কৃত নিদর্শনের মধ্যে রয়েছে একাধিক ইসলামী শিলালিপি, প্রাচীন আরবি কবিতা, পাথরের কাঠামো, প্রাসাদ ধ্বংসাবশেষ, কাফেলা পথের মাইলফলক এবং প্রাচীন কূপসহ নানা স্থাপনা।বিশেষজ্ঞদের মতে, এসব আবিষ্কার প্রাথমিক ইসলামী সভ্যতা ও আরব উপদ্বীপের ইতিহাস গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী সাম্রাজ্য শাসন করেন। তাঁর শাসনামলকে ইসলামী ইতিহাসে সুবর্ণ যুগ হিসেবে বিবেচনা করা হয়।