মক্কা-জেদ্দা-তাইফে সতর্কতা, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
মক্কাসহ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তিন শহরে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্ভাব্য বিপদের আশঙ্কায় মক্কা, জেদ্দা ও তাইফের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কবার্তা প্রচার করা হয়েছে। তবে সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট কারণ জানায়নি কর্তৃপক্ষ।জরুরি সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটতম নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে। বিশেষ করে জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান এবং বিপদ কেটে যাওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া খোলা জায়গা, বাড়ির বারান্দা, ছাদ ও জানালা থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত মজবুত কোনো ভবনে প্রবেশ অথবা শক্ত প্রতিবন্ধকের আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।সতর্কতার সময় সড়কে থাকা গাড়িচালকদের ফ্লাইওভার ও উঁচু ভবনের কাছে গাড়ি না থামিয়ে নিরাপদ দূরত্বে পার্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসমাগম এড়িয়ে চলা, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকা এবং কেবল সরকারি গণমাধ্যমের তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে প্রশাসন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এ সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।