বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

হামের ১৫ লাখ ডোজ টিকা দেশে, বড় সরবরাহে স্বস্তি

দেশে হামের এমআর ১৫ লাখ ডোজ এবং টিটেনাস টিডি ৯০ হাজার ডোজ টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার ৬ মে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে কেনা টিকার চালান গ্রহণ শেষে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ৮ কোটি ৩৬ লাখ টাকা ইউনিসেফকে প্রদান করেছে। এর মাধ্যমে মোট ৯৫ মিলিয়ন ডোজ ১০ ধরনের ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে। এর আগে ৩ মে প্রথম চালানে ১৫ লাখ ৫ হাজার ডোজ আইপিভি টিকা আসে। সর্বশেষ চালানে এসেছে ১৫ লাখ ডোজ এমআর ও ৯০ হাজার ডোজ টিডি টিকা।তিনি আরও জানান, আগামী ১০ মের মধ্যে আরও প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিভি, বিওপিভি ও পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছাবে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১৫ মাসের ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ৩ মাসের বাফার স্টক থাকবে। বর্তমানে টিসিভি ও এইচপিভি টিকার দুই বছরের পর্যাপ্ত মজুদ রয়েছে। নতুন সরবরাহের ফলে আগামী ৮ থেকে ১২ মাস দেশে কোনো ভ্যাকসিন সংকট থাকবে না। তিনি আরও বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির মাধ্যমে শিশু ও নারীদের ১২টি প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকাদান চলছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সফল কর্মসূচি।

হামের ১৫ লাখ ডোজ টিকা দেশে, বড় সরবরাহে স্বস্তি