ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পৌরসভার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং ঢাকার মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী। তিনি আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে বাবার বাড়ি মশরহাটিতে বেড়াতে আসেন। শনিবার স্বামীর সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ভৈরব নদে গোসল করতে নেমে একপর্যায়ে নদীতে ঝাঁপ দিলে প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। খবর পেয়ে অভয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।ঘটনাস্থলে নৌ-পুলিশ উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে সমন্বয় করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ভৈরব নদে পানির উচ্চতা ও স্রোত বেড়ে যাওয়ায় গোসল বা নদীতে নামার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।