ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের, আহত ৪
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের একজন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।দুর্ঘটনায় আহতরা হলেন মোটরসাইকেলচালক মো. হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক মো. সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা. জরিনা (৪০) ও ঠিকানা অজ্ঞাত মো. শফিকুল ইসলাম।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত হারুনুর রশিদ, সাহিরুল ইসলামসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।এ ঘটনায় পিকআপচালক মো. হাবিবুর রহমান (২৪)কে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনাকবলিত পিকআপসহ তাকে ভূল্লী থানায় নেওয়া হয়েছে।ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কচুবাড়ী এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপচালককে গাড়িসহ আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।