রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেন, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ন্যায্যমূল্য ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ভূমিমালিক ও স্থানীয়রা অংশ নেন।মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের পক্ষে বক্তব্য দেন মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া, হুমায়ুন আহমেদসহ অনেকে।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিজেদের ভোগদখলে থাকা জমি অধিগ্রহণের কারণে অনেক পরিবার বসতভিটা, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারানোর ঝুঁকিতে পড়েছেন। ফলে ভূমির প্রকৃত বাজারমূল্য বিবেচনা করে ন্যায্য ক্ষতিপূরণ নির্ধারণ এবং দ্রুত তা পরিশোধের দাবি জানান তারা।তাদের দাবি, ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও সম্পদের যথাযথ মূল্য নিশ্চিত করেই মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। অন্যথায় বহু পরিবার আর্থিক ও সামাজিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া পুনর্বিবেচনা, প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়।

ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেন, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন