নাসিরনগরে বিএনপি নেতার ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিনের ছবি ব্যবহার করে ‘Rony Chowdhury’ নামে ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।রোববার (১৬ আগস্ট) নাসিরনগর থানায় করা জিডিতে তুহিন উল্লেখ করেন, তার ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে গত ১৫ আগস্ট ‘Rony Chowdhury’ নামের একটি ফেসবুক আইডির প্রোফাইলে ব্যবহার করা হয়েছে। তবে ওই আইডিটি তার নয় এবং সেখান থেকে তিনি কোনো পোস্ট বা লেখা প্রকাশ করেননি।জিডিতে তিনি আরও জানান, ভবিষ্যতে ওই ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কোনো অনাকাঙ্ক্ষিত বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড হলে তার দায় যেন তার ওপর না পড়ে, সে বিষয়ে সতর্কতা হিসেবে তিনি থানায় জিডি করেছেন।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।তবে ‘Rony Chowdhury’ নামে ফেসবুক আইডিটি কে পরিচালনা করছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্তের পর এ বিষয়ে প্রকৃত ঘটনা জানা যাবে।