বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

জাপানি-কোরীয়সহ ৪ ভাষা শেখার সুযোগ পাবেন জাবিপ্রবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) চালু হতে যাচ্ছে ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার’। এ কেন্দ্রের মাধ্যমে জাপানি, কোরীয়, চীনা (মান্দারিন) ও আরবি ভাষা শেখার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের উদ্যোগে কেন্দ্রটি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি চলছে।উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের আওতায় নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাবিপ্রবিও এ সুযোগ পেয়েছে। প্রাথমিক পর্যায়ে কোর্সগুলো ক্রেডিটবিহীন বা অডিট কোর্স হিসেবে চালু করা হবে। পরবর্তী সময়ে সেগুলোকে ক্রেডিট কোর্সে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন এবং জাপানসহ আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনে এসব ভাষা শিক্ষা কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ডিসেম্বরে কার্যক্রম শুরুর লক্ষ্যমডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে উপাচার্য জানান, আগামী ডিসেম্বরে কেন্দ্রটির কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে। কেন্দ্রের জনবল কাঠামো নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলেই কার্যক্রম পুরোদমে শুরু হবে।উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে বাড়বে সুযোগবিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে দক্ষতা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে। ভাষাগত দক্ষতা কাজে লাগিয়ে বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক কর্মবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কেও জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্টদের মতে, এ কেন্দ্র প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জাপানি-কোরীয়সহ ৪ ভাষা শেখার সুযোগ পাবেন জাবিপ্রবি শিক্ষার্থীরা