তারেক রহমানের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: রয়টার্সের প্রতিবেদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যমটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গণমাধ্যমে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমানের নয়াদিল্লি সফরের খবর প্রকাশিত হয়েছিল। তবে ঢাকা সেই তথ্য নিশ্চিত করেনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের সম্ভাব্য প্রথম ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। এর মূল লক্ষ্য হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করার বিষয়টি উঠে এসেছে।২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, যা ভারত বিবেচনা করছে বলে জানিয়েছে।তারেক রহমানের প্রেস সচিব এ এম সালেহ রয়টার্সকে বলেন, সফরটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ বিষয়ে ঢাকার পক্ষ থেকে ভারতের জবাবের অপেক্ষা করা হচ্ছে।এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য নেই।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তবে সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন বলে ঢাকার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করেছেন।