ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন
বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সতর্কতা দেওয়া হয়েছে।বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, কিছু প্রতারক হাইকমিশনের কর্মকর্তা সেজে ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা নিশ্চিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা দেওয়ার নিশ্চয়তা দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসার সব আবেদন নির্ধারিত সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করা হয়।সন্দেহজনক কোনো কল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। পাশাপাশি পাসপোর্টের কপি, ব্যাংক তথ্য, ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্যসহ গুরুত্বপূর্ণ কোনো তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করতে বলা হয়েছে।হাইকমিশন আরও জানিয়েছে, কেউ প্রতারণার শিকার হলে বা এমন কোনো ঘটনার মুখোমুখি হলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
সাধারণ মানুষকে ভিসা প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি পরিবার ও পরিচিতদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।