শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ভারতে প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন এক নারীসহ তিন বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মেইন পিলার-১০০৯-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ তিন বাংলাদেশিকে সোনাহাট বিজিবি বিওপির সদস্যদের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিনজন হলেন কুড়িগ্রামের কচাকাটা থানার সোভারকুটি গ্রামের আব্দুল জলিল (২৯), একই গ্রামের মোজাফফর হোসেন (২২) এবং ঢাকার যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার শারমীন বেগম (২৫)।বিজিবি সূত্র জানায়, আব্দুল জলিল ও মোজাফফর হোসেন ভারতে ৩৩ মাস এবং শারমীন বেগম ২৮ মাস কারাগারে ছিলেন। অবৈধভাবে ভারতে প্রবেশের পর আসাম পুলিশ তাদের আটক করে। সাজা শেষে নিয়মিত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।পরে তিনজনকে ভূরুঙ্গামারী থানায় নেওয়া হয়। সেখানে তাদের পরিচয় ও ঠিকানা যাচাই শেষে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা থানায় এসে তাদের নিয়ে যান।মোজাফফর হোসেন জানান, তিনি ও আব্দুল জলিল নদীতে মাছ ধরার সময় কুয়াশার কারণে সীমান্ত বুঝতে পারেননি। অসাবধানতাবশত তারা ভারতের অংশে ঢুকে পড়েন। পরে বিএসএফ তাদের আটক করে। আটকের পর তাদের মারধর করা হয়নি এবং কারাগারে থাকাকালীনও কোনো ধরনের মারধরের শিকার হননি বলে জানান তিনি।দীর্ঘ প্রায় তিন বছর পর দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছে যেতে পেরে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, পরিচয় ও ঠিকানা যাচাই শেষে তিনজনকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারতে প্রায় ৩ বছর কারাভোগ শেষে ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন এক নারীসহ তিন বাংলাদেশি