শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নিউইয়র্কে বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা, খুনি শনাক্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে রেস্তোরাঁয় ঢুকে বাংলাদেশি ফাস্ট ফুড কর্মী মোহাম্মদ ইউসুফকে (৪৪) গুলি করে হত্যা করেছে এক সশস্ত্র হামলাকারী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে সাধারণ মানুষের সহায়তা চেয়ে ছবি প্রকাশ করা হয়েছে।ঘটনাটি ঘটে গত রোববার (২৩ আগস্ট) মধ্যরাতের পর ব্রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্তোরাঁয়। রেস্তোরাঁ বন্ধের প্রস্তুতির সময় কোনো গ্রাহক না থাকলেও কর্মীদের একটি খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে হামলাকারী।পুলিশ জানায়, কোনো কথা না বলেই ওই ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ক্যাশ রেজিস্টারের পাশে থাকা ইউসুফকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হামলায় আরও এক কর্মী আহত হন। ৩৯ বছর বয়সী ওই কর্মীর ডান পায়ে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রেস্তোরাঁটির সহ-মালিক রাসেল জানান, ইউসুফ ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও পরিশ্রমী একজন কর্মী। বাংলাদেশে থাকা তার স্ত্রী, দুই মেয়ে ও বাবা-মায়ের একমাত্র উপার্জনের ভরসা ছিলেন তিনি।রাসেল বলেন, “ইউসুফ শুধু একজন কর্মচারী ছিলেন না, তিনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সবসময় দায়িত্ব নিতেন এবং সাহায্য করার চেষ্টা করতেন।”পুলিশের ধারণা, ক্যাশ রেজিস্টার থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। ফলে ঘটনাটি উদ্দেশ্যহীন সহিংসতা হতে পারে বলে তদন্ত করছে পুলিশ।এর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে ব্রঙ্কসের মট হ্যাভেন এলাকার ‘১৪৯ গ্রিল অ্যান্ড ডেলি’ নামের আরেকটি দোকানে একই ধরনের হামলা হয়। সেখানে ৩৩ বছর বয়সী এক ক্রেতাকে গুলি করে হত্যা করে ক্যাশ রেজিস্টারের টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারী।দুটি ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৩১ বছর বয়সী জেসুস অ্যাকোস্টাকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে নিউইয়র্ক পুলিশ। তার ছবি প্রকাশ করে দ্রুত গ্রেপ্তারে জনগণের সহায়তা চাওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পরপর দুটি হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউইয়র্কে বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা, খুনি শনাক্ত