ব্যাটারিচালিত রিকশায় আসছে নতুন নীতিমালা: ডা. জাহেদ
ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এসব যানবাহন কোথায় চলতে পারবে, চলাচলের সীমা, কারিগরি মান, নিরাপত্তা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নতুন নীতিমালায় নির্ধারণ করা হবে।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়েছে। এসব যানবাহন মানুষের চলাচলে কিছুটা সুবিধা দিলেও একই সঙ্গে সৃষ্টি করছে নানা সমস্যা।ডা. জাহেদ উর রহমান জানান, ব্যাটারিচালিত রিকশার কারণে অনেক এলাকায় যানজট বাড়ছে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণের ঘাটতি এবং যানবাহনের কারিগরি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, সরকার দ্রুত একটি নীতিমালা তৈরি করবে। এর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচলের এলাকা, যানবাহনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।এদিকে, সংবাদ সম্মেলনে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর বিষয়েও তথ্য দেন ডা. জাহেদ উর রহমান।তিনি জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবার এই কর্মসূচির আওতায় আসবে।ফ্যামিলি কার্ডে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ের বিষয়ে তিনি বলেন, পিছিয়ে থাকা মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তা দ্রুত বাজারে প্রবাহিত হবে। এতে শুধু উপকারভোগী পরিবার নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন ব্যবসা ও শিল্প বিকাশের সুযোগ তৈরি হবে।