শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বোরকার পর বিদেশি শিক্ষার্থী নিয়েও ইতালির নতুন সিদ্ধান্ত

স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি ইতালির শ্রেণিকক্ষে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই এমন শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি ডিক্রি-ল’ অনুমোদন করেছে। নতুন নিয়মে নির্দিষ্ট শ্রেণিতে ইতালীয় ভাষায় অপর্যাপ্ত দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। তবে এটি মূলত নতুন আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে; ইতালিতে জন্ম নেওয়া বা সেখানে কিন্ডারগার্টেনে পড়া শিশুদের অধিকাংশই এর আওতায় পড়বে না। নতুন ডিক্রিতে স্কুলে বোরকা ও নিকাবসহ মুখ পুরোপুরি ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে।ডিক্রি-ল’ অবিলম্বে কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত আইনে পরিণত করতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। কোনো শিশু স্কুলের পরিবেশে গুরুতরভাবে খাপ খাওয়াতে সমস্যায় পড়লে সামাজিক সেবা সংস্থাকে বিষয়টি জানানো হতে পারে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকদের বিনামূল্যের ইতালীয় ভাষার কোর্সে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থাকবে। নিয়ম অমান্য করলে জরিমানার বিধান রয়েছে।ইতালির শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩৪ হাজার শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশের বেশি। তবে নতুন নিয়মের আওতায় এর বড় অংশ পড়বে না, কারণ বিধানটি মূলত নতুন আসা ও ইতালীয় ভাষায় দুর্বল শিক্ষার্থীদের লক্ষ্য করে তৈরি।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইতালির মোট স্কুলশিক্ষার্থীর ১১ দশমিক ২ শতাংশ ছিল অ-ইতালীয় নাগরিক। একই সময়ে ৩০ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থী থাকা শ্রেণির হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ। শিশু অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন আশঙ্কা প্রকাশ করেছে, জাতীয়তা বা ভাষাগত দুর্বলতার কারণে শিশুদের আলাদা স্কুলে পাঠানোর ব্যবস্থা হলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে। শিক্ষক সংগঠন ও স্কুলের অধ্যক্ষদের একাংশও নিয়মটি বাস্তবায়নে প্রয়োজনীয় সম্পদ ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেছেন, ভাষাগত দক্ষতার ঘাটতি শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক অগ্রগতিতে বাধা তৈরি করতে পারে। 

বোরকার পর বিদেশি শিক্ষার্থী নিয়েও ইতালির নতুন সিদ্ধান্ত