বেড়ায় ২৪ ঘণ্টায় চুরি যাওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার ১
পাবনার বেড়ায় চুরি যাওয়া একটি পুরাতন কার্গো ট্রাক মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বেড়ার বাঙ্গাবাড়িয়া গ্রামের বাসিন্দা বরকত (৫৫) তার মালিকানাধীন কার্গো ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট ১৩-৬১৪৭) গত ১৮ আগস্ট দুপুরে বেড়া বাসস্ট্যান্ড সংলগ্ন লিনজা ফিলিং স্টেশনের সামনে রেখে বাড়িতে যান।পরদিন ১৯ আগস্ট সকালে এসে তিনি দেখতে পান, পার্কিং করা স্থান থেকে ট্রাকটি নেই। পরে তিনি জানতে পারেন, অজ্ঞাত চোরেরা ট্রাকের ডেক খুলে সেটি নিয়ে গেছে।এ ঘটনায় বরকত বাদী হয়ে ১৯ আগস্ট বেড়া মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার পর তদন্তভার পান থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত সাহা।পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন বাঁশতৈল পুলিশ ফাঁড়ি এলাকার সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয় এবং চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।ঘটনার এক দিনের মধ্যেই ট্রাক উদ্ধার ও আসামি গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও স্থানীয়রা।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, পাবনার পুলিশ সুপার আবু আশরাফের দিকনির্দেশনায় চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।