বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ বেনিন, চেনেন এই দলকে?

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হতে যাচ্ছে আফ্রিকার দেশ বেনিন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি।ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৯৩তম অবস্থানে থাকা বেনিন বিশ্ব ফুটবলের পরিচিত বড় দলগুলোর একটি নয়। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে একসময় ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা।বাছাইপর্বের ‘সি’ গ্রুপে শেষ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে ছিল বেনিন। দক্ষিণ আফ্রিকা লেসোথোর বিপক্ষে নিষিদ্ধ ফুটবলার তেবোহো মোকোয়েনাকে খেলানোর ঘটনায় শাস্তি পাওয়ায় গ্রুপের সমীকরণও বদলে যায়।ফলে নিজেদের শেষ ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল বেনিনের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা খায় তারা। নাইজেরিয়ার কাছে ৪-০ গোলে হারে বেনিন। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন ভিক্টর ওসিমেন।একই সময়ে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ফলে দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়, নাইজেরিয়া দ্বিতীয় হয়ে আফ্রিকান প্লে-অফে ওঠে এবং তৃতীয় হয়ে বাছাইপর্ব থেকে বিদায় নেয় বেনিন।বেনিনের সবচেয়ে পরিচিত ফুটবলারদের একজন দলের অধিনায়ক স্টিভ মুনিয়ে। জার্মান ক্লাব অগসবুর্গের এই স্ট্রাইকার জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।পশ্চিম আফ্রিকার দেশ বেনিন গিনি উপসাগরের তীরে অবস্থিত। দেশটির প্রতিবেশী টোগো, নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও নাইজার। রাজধানী পোর্তো-নোভো হলেও প্রধান অর্থনৈতিক কেন্দ্র কোটোনু। দেশটির জনসংখ্যা ১ কোটি ৪০ লাখের বেশি। বিশ্বকাপের স্বপ্ন অল্পের জন্য পূরণ না হলেও এবার বেনিনের সামনে এসেছে ভিন্ন এক ঐতিহাসিক উপলক্ষ। মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনা অধ্যায়ের বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে আফ্রিকার এই দলটি।

মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ বেনিন, চেনেন এই দলকে?