শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছেলে-বউ পলাতক

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে তার ছেলে ও পুত্রবধূ মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে ঘরের ভেতরে রেখে বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর (৮ নম্বর ওয়ার্ড) খামাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত বৃদ্ধার নাম সহিমা বেগম। বর্তমানে তিনি সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে বৃদ্ধার মেয়ের জামাই জয়নুল শ্বশুরবাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। পরে দরজা খুলে তিনি সহিমা বেগমকে রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ করা হয়েছে।এ সময় জয়নুল অভিযোগের বিষয়ে বৃদ্ধার ছেলে আতিয়ার ও পুত্রবধূ লাভলীর কাছে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দেননি বলে দাবি করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরাও ঘটনাস্থলে যান।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় অভিযুক্ত ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক তদন্ত চলমান রয়েছে।

সৈয়দপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছেলে-বউ পলাতক