মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

লাখাইয়ে বাজার দখলমুক্তে অভিযান, জরিমানা ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রশাসন

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লাবাজারে যানজট নিরসন ও বাজারের শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানে বাজারের প্রধান সড়ক ও অলিগলি দখল করে অবৈধভাবে বসানো দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি ফলের দোকান ও একটি মুদির দোকানকে ১ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ও পুলিশের সদস্যরা। এছাড়াও বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম জানান, বাজারের শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত নজরদারি করা হবে। পাশাপাশি ৪০ লাখাধিক টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস সেড এবং ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত উইমেন্স কর্নার সংস্কার করে ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

লাখাইয়ে বাজার দখলমুক্তে অভিযান, জরিমানা ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রশাসন