রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

রাবিপ্রবিতে সংকট ভিসির জরুরি সংবাদ সম্মেলন

সাম্প্রতিক নানা অভিযোগ ও চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।রোববার ১০ মে ২০২৬ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে শিক্ষক, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উপাচার্য বলেন, দায়িত্ব গ্রহণের পর গত এক বছর চার মাসে বিশ্ববিদ্যালয়কে গতিশীল প্রতিষ্ঠানে রূপ দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করেছে। তবে সম্প্রতি তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাকে তিনি অছাত্রসুলভ ও দণ্ডনীয় বলে উল্লেখ করেন।তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “পুনর্বাসন” সংক্রান্ত যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং তার প্রশাসনের সময়েই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।প্রকল্প পরিচালনা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে ভিসি বলেন, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে একটি আপৎকালীন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে ড. নিখিল চাকমাকে অন্তর্ভুক্ত করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অযৌক্তিক বলেও দাবি করেন তিনি।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অডিট আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং এটিকে দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা ঠিক নয়।নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও পদোন্নতি নির্ধারিত নীতিমালার ভিত্তিতেই সম্পন্ন হয়, কোনো ব্যক্তির একক সিদ্ধান্তে নয়।উপাচার্য আরও বলেন, দায়িত্ব গ্রহণের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট ছিল প্রকট। বর্তমানে নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে সেই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা হয়েছে। পাশাপাশি সেশনজট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে কাজ চলছে।অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হল, সড়ক, পরিবহন, ক্যানটিন, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে। সংবাদ সম্মেলনের শেষদিকে সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

রাবিপ্রবিতে সংকট ভিসির জরুরি সংবাদ সম্মেলন