মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

শাবিপ্রবির ডাকবাক্সে আর আসে না প্রিয়জনের চিঠি

আজ বিশ্ব চিঠি লেখা দিবস। একসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল ডাকবাক্স ছিল শিক্ষার্থীদের আবেগ আর অপেক্ষার অন্যতম ঠিকানা। দূরে থাকা প্রিয়জনের হাতে লেখা চিঠির আশায় প্রতিদিন মুখর থাকত সেই বাক্স। সময়ের পরিবর্তনে প্রযুক্তির ছোঁয়ায় এখন হারিয়ে গেছে সেই দৃশ্য।ক্যাম্পাসের পুরোনো শিক্ষার্থীদের কাছে ডাকবাক্সটি ছিল যোগাযোগের এক বিশেষ মাধ্যম। চিঠি আসার অপেক্ষায় দিন গুনতেন তারা। কিন্তু এখন আর সেখানে জমে না ভালোবাসার বার্তা। ব্যক্তিগত চিঠির বদলে জমা হয় কেবল অফিসিয়াল কাগজপত্র।শাবিপ্রবি পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ডাকপিয়ন মো. মাহতাব উদ্দিন জানান, ১৯৯২ সালের ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসের যাত্রা শুরু হয়। একসময় প্রতিদিন অসংখ্য ব্যক্তিগত চিঠি আসত। বর্তমানে ব্যক্তিগত চিঠি প্রায় বন্ধ হয়ে গেছে। তবে শিক্ষক-কর্মকর্তাদের প্রয়োজনীয় অফিসিয়াল চিঠিপত্র নিয়মিত আসে।সাবেক শিক্ষার্থী নুরে জান্নাত বলেন, ডাকবাক্সটি ছিল অনুভূতির জানালা। দূরে থাকা আপনজনের হাতে লেখা চিঠি পেয়ে যে আনন্দ পাওয়া যেত, তা এখন আর নেই। প্রযুক্তি যোগাযোগ সহজ করলেও চিঠির কাগজের স্পর্শ ও আবেগ ফিরিয়ে দিতে পারেনি।বর্তমান শিক্ষার্থী রায়হান তালুকদার বলেন, চিঠি সবার কাছেই আবেগের বিষয়। বইয়ে চিঠি লেখার নিয়ম পড়লেও বাস্তবে অনেকেই কখনো কাউকে চিঠি লেখেননি। মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম এখন যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। একসময় যে ডাকবাক্স ছিল অপেক্ষা আর ভালোবাসার প্রতীক, প্রযুক্তির যুগে সেটিই এখন দাঁড়িয়ে আছে শুধুই স্মৃতির সাক্ষী হয়ে।

শাবিপ্রবির ডাকবাক্সে আর আসে না প্রিয়জনের চিঠি