ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন, ১৩ মে শুরু টিকিট বিক্রি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।রেলওয়ে সূত্র জানিয়েছে, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। পর্যায়ক্রমে পরবর্তী দিনগুলোর টিকিটও বিক্রি করা হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও জয়দেবপুর-পার্বতীপুর রুটে বিশেষ ট্রেন চলবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে চালু থাকবে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট কালোবাজারি ও অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে ঢাকা ও বিমানবন্দর স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ, র্যাব, জিআরপি ও আরএনবি সদস্য মোতায়েন করা হবে। ঈদ উপলক্ষে ট্রেনের ছাদে যাত্রী পরিবহনও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া যাত্রীদের সুবিধায় ‘১৩১’ কলসেন্টার আরও কার্যকর করা এবং রেললাইনের নিরাপত্তায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।