হজের বিমান টিকিট কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী মিল্লাত
আগামী হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমান টিকিটের মূল্য কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের যৌক্তিক খরচে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বিমান টিকিটের দাম আরও কমানো হয়েছে।তিনি জানান, গত বছর টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে তা ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর বিষয়েও সৌদি সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি হাজিদের আবাসন খরচ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি হজযাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের অধিকাংশ হজযাত্রী বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেন। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে এজেন্সিগুলোকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সৌদি দূতাবাসের প্রতিনিধি, হাবের নেতৃবৃন্দ এবং হজ ও ওমরাহ প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।