বিপ্লব বড়ুয়াসহ ৪ জনের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত এ আদেশ দেন। চলমান অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য এ নিষেধাজ্ঞা চেয়েছিল দুদক।বিদেশগমনে নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য তিনজন হলেন বিপ্লব বড়ুয়ার ভাই ও স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।এর আগে দুদকের মানিলন্ডারিং ও অনুসন্ধান টিম-৩-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে আদালতের কাছে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়।দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিজেদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে বিপুল অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগও অনুসন্ধানাধীন।আবেদনে আরও উল্লেখ করা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের দেশে থাকা প্রয়োজন। আইনি প্রক্রিয়া এড়াতে তারা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের বিদেশগমন রোধ করা জরুরি বলে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।
আদালতের এই আদেশের ফলে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিপ্লব বড়ুয়া ও তাঁর পরিবারের ওই তিন সদস্য বিদেশে যেতে পারবেন না। অভিযোগগুলোর বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।