ঢাকায় ভারতের বড় ব্যবসায়ী দল, বাড়ছে বাণিজ্য সহযোগিতার আশা
অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। ১৪ সদস্যের এই প্রতিনিধি দল ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবে।সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে থাকা এ দলে ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা রয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত বায়োটেক, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), অ্যাপোলো হাসপাতাল, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, নুমালীগড় রিফাইনারি লিমিটেডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।সফরকালে ভারতীয় ব্যবসায়ী দলটি বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবে। এসব আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) যোগাযোগ এবং নতুন শিল্প সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।এ ছাড়া প্রতিনিধিদলটি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর আয়োজিত ব্যবসায়ী সভায় অংশ নেবে। সেখানে বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক বাণিজ্যিক সুযোগ নিয়ে আলোচনা হবে।
সফরের মূল লক্ষ্য হলো ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা। পাশাপাশি বেসরকারি খাতের যোগাযোগ বাড়ানো, যৌথ বিনিয়োগের সুযোগ খোঁজা এবং দুই দেশের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার পথ তৈরি করা।