চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড গরম ও মশার উপদ্রবের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, অনেক এলাকায় দিনে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। শুধু দিন নয়, রাতেও বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নামাজের সময়সহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বিদ্যুৎ না থাকায় মুসুল্লি ও সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।ভুক্তভোগীরা জানান, লোডশেডিং নতুন বিষয় না হলেও বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি দুর্ভোগ তৈরি করেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার বিদ্যুৎ আসা-যাওয়া না করে নির্দিষ্ট সময়সূচি থাকলে মানুষ প্রস্তুতি নিতে পারত। এভাবে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বাড়ছে।”এর পাশাপাশি বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, বিদ্যুতের ইউনিট মূল্য বাড়ার পর মাসিক খরচ বেড়ে গেছে। প্রিপেইড মিটারে রিচার্জের পর বিভিন্ন চার্জ কেটে নেওয়ার বিষয়েও অনেক গ্রাহক প্রশ্ন তুলেছেন।গ্রাহকদের দাবি, নিয়মিত বিল পরিশোধের পরও যদি কাঙ্ক্ষিত সেবা না পাওয়া যায়, তাহলে বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।
সচেতন মহলের মতে, লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং গ্রাহকদের অভিযোগের দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।