‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এ প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। ২০২৩ সালের সফল সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েলটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার।রোববার (২০ সেপ্টেম্বর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স বিদ্যা বালানের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছে। এতে ‘কান্থা’ চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে।প্রকাশিত ঝলকে নীল শাড়ি ও কালো ব্লাউজে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় বিদ্যাকে। হাতে জ্বলন্ত সিগারেট, চোখেমুখে দৃঢ় অভিব্যক্তি। ক্যামেরার দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ার দৃশ্যও রয়েছে সেই ঝলকে। অল্প সময়ের ভিডিওতেই রহস্যময় চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।তবে ‘কান্থা’ চরিত্রটি সিনেমার গল্পে কী ভূমিকা রাখবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ‘জেলার ২’-এ এস জে সুরিয়াকে ‘বোধি কালপাক’ এবং মালয়ালম অভিনেতা সুরাজ ভেঞ্জারামুডুকে ‘দিলীপ’ চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।সিনেমাটিতে আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। প্রথম কিস্তির রাম্যা কৃষ্ণান ও যোগী বাবুসহ আরও কয়েকজন অভিনেতা থাকছেন সিক্যুয়েলেও। নতুন করে যুক্ত হয়েছেন বিদ্যা বালান, এস জে সুরিয়া ও সুরাজ ভেঞ্জারামুডুসহ আরও অনেকে।
‘জেলার ২’ প্রযোজনা করছে সান পিকচার্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। নির্মাতা পক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।