মাত্র ১ টাকায় খাবার, রাজশাহীতে মানবিক উদ্যোগ
রাজশাহীর রেলস্টেশন এলাকার পাশে প্রতিদিন দেখা মেলে সারিবদ্ধভাবে বসে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষের। যারা সারাদিন শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষা বা সাহায্য সংগ্রহ করে জীবন চালায়, রাত হলে রেলস্টেশন এলাকাতেই আশ্রয় নেয়।সোমবার দুপুরে এমনই কিছু মানুষের মাঝে গিয়ে দেখা যায়, তারা অপেক্ষা করছেন খাবারের জন্য। কথা হয় এক বৃদ্ধার সঙ্গে। তিনি জানান, এখন খাবার আসবে, মাত্র ১ টাকার বিনিময়ে আমরা এখানে খাবার খাই।কিছুক্ষণ পর সেখানে দুপুরের খাবার বিতরণ শুরু হয়। এ কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। তারা শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুরে মাত্র ১ টাকার বিনিময়ে অসহায় মানুষদের খাবার সরবরাহ করছে।সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। প্রবাসী বাঙালি কিশোর কুমার দাশ এই সংগঠনের প্রতিষ্ঠাতা। নিজের সঞ্চয় থেকে শুরু হলেও এখন দেশ বিদেশের মানুষের অংশগ্রহণে এটি বড় পরিসরে পরিচালিত হচ্ছে।
এই উদ্যোগে উপকৃত হচ্ছেন অসংখ্য অসহায় মানুষ, যারা প্রতিদিনের খাবারের নিশ্চয়তা পাচ্ছেন মাত্র প্রতীকী ১ টাকায়।