বিদেশে কর্মসংস্থান বাড়াতে বড় পরিকল্পনা, ১ কোটি দক্ষ কর্মী প্রস্তুত করবে সরকার
আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, সংরক্ষণ এবং সুসংহত করার লক্ষ্যে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থানমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অভিবাসন ব্যয় কমানো, দালালচক্রের প্রতারণা রোধ, প্রশিক্ষণার্থী ভর্তি, সনদ প্রদান, ডিমান্ড লেটার ও ভিসা যাচাই এবং বহির্গমন ছাড়পত্র প্রদানসহ পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ও স্বচ্ছ করতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (OEP) চালু করা হয়েছে।বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে।এছাড়া অভিবাসনসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য জেলা পর্যায়ে জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা পর্যায়ে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।