সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলুর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, নাদির আহমেদ, রেজাউল হক, অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়াসহ অন্য নেতারা।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলেছে। একজন জনপ্রতিনিধিকে হেয়প্রতিপন্ন করার এ ধরনের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তাঁরা।বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ৮৭ কোটি টাকার নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এসব অনিয়মের প্রতিবাদ করেছিলেন। তাঁদের দাবি, উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই শফিকুল নামের এক সাব-ঠিকাদারকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করানো হয়েছে।বিএনপি নেতারা দাবি করেন, নুরুল ইসলাম নুরুল একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও ষড়যন্ত্র সুনামগঞ্জের বিএনপি পরিবার মেনে নেবে না।সমাবেশ থেকে অবিলম্বে অভিযোগ প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযোগের পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।এ সময় তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো হলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।দ্রষ্টব্য: চাঁদাবাজির অভিযোগ এবং সড়ক নির্মাণকাজে অনিয়মের বিষয়গুলো সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্য ও দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।