বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

দিনাজপুরে বাল্যবিবাহ রোধে নতুন দৃষ্টান্ত, স্বীকৃতি পেল শিবরামপুর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় শিবরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক।সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এই সামাজিক ব্যাধি প্রতিরোধে জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিবরামপুর ইউনিয়নকে ভবিষ্যতেও বাল্যবিবাহমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাল্যবিবাহ রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।আলোচনা সভা শেষে শিবরামপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্টদের হাতে ঘোষণাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শিবরামপুর ইউনিয়নের এই অর্জন বীরগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়নের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে উঠবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখবে।

দিনাজপুরে বাল্যবিবাহ রোধে নতুন দৃষ্টান্ত, স্বীকৃতি পেল শিবরামপুর