৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ বাজেট অধিবেশন, আগামী ৭ জুন রোববার বিকেল ৩টায় শুরু হবে।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আসন্ন অধিবেশনকে ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে উল্লেখ করা হয়েছে।এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ৯৪টি বিল পাস এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। পাশাপাশি সাতটি সংসদীয় কমিটি গঠন করা হয়।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ২৮০ জন সংসদ সদস্য অংশ নেন।
আসন্ন বাজেট অধিবেশনে সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যও যোগ দেবেন বলে জানা গেছে।