বাঘার পদ্মা চরে তাণ্ডব, গুলির পর যুবক অপহরণের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন কালিদাসখালীর সিদ্দিক ব্যাপারীর ছেলে স্বপন ব্যাপারী (৪০) ও নিচপলাশী এলাকার শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিবিদ্ধ স্বপন ব্যাপারীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ট্রলারযোগে পদ্মার চর এলাকায় প্রবেশ করে। এ সময় স্বপন ব্যাপারী টর্চলাইটের আলো ফেললে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্বপনের চিৎকার শুনে এগিয়ে এলে জিয়াউল হককেও গুলি করা হয়।পরিবারের অভিযোগ, গুলিবিদ্ধ স্বপনকে সন্ত্রাসীরা ট্রলারে তুলে নিয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, রাতের অন্ধকারে দুটি ট্রলারে করে প্রায় ১৫ জন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি চালায়। একপর্যায়ে তাঁর ছেলে স্বপনকে গুলি করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না।স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, পদ্মার বালুরঘাটকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। সর্বশেষ এ ঘটনায় পুরো চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, গুলিবিদ্ধ ও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলামিন ইসলাম রাব্বি জানিয়েছেন, গুলিবিদ্ধ বা নিহত অবস্থায় এখন পর্যন্ত কোনো রোগী হাসপাতালে আনা হয়নি।