ইমাম-মুয়াজ্জিন সুন্নী ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও জশনে জুলুস
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের মাজার গেইট এলাকায় হযরত শাহজালাল (রহ.) হোটেলের সামনে ইমাম-মুয়াজ্জিন সুন্নী ঐক্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বক্তারা।এ সময় বক্তব্য রাখেন ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন সুন্নী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ নাছির উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল আনোয়ারী, মাওলানা জসিম উদ্দিন ক্বাদরী, মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম শাহ ও হাফেজ ক্বারী আব্দুল মালেক তালুকদার।এ ছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. ওমর ফারুক, সাজিদুর রহমান সজল, শেখ মো. আবদাল, ইদ্রিসুর রহমান চৌধুরী, আব্দুর রশিদ ও আইয়ুব আলীসহ অনেকে।আলোচনা সভা শেষে আয়োজকদের নেতৃত্বে জশনে জুলুস বের হয়। জুলুসটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ সোলেমান ফতেহগাজী (রহ.) বাগদাদী মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।জুলুসে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের উদ্যোগে পৃথক মিছিল অংশ নেয়। ব্যানার-ফেস্টুন এবং নানা সাজে সজ্জিত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে এতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ।আয়োজনে স্থানীয় ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।