বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে মিথ্যা মামলা ও জমি দখলচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের পরিবার। বুধবার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপি নেতা মোস্তফা কামাল হালিম ও তার ছেলে ইসতিয়াক পাটোয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ করেন।লিখিত বক্তব্যে খলিলুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে তার মালিকানাধীন সম্পত্তি দখলের চেষ্টা শুরু হয়। এ ঘটনায় তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলে কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও পরে আবার চাঁদা দাবি ও হুমকি শুরু হয়।তিনি অভিযোগ করেন, চলতি বছরের মার্চে রাতের আঁধারে বাড়িতে এসে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং নগদ টাকা নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তার জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণেরও চেষ্টা করা হয়।খলিলুর রহমান দাবি করেন, পরে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। এতে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা ও হয়রানি থেকে মুক্তির দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে মোস্তফা কামাল হালিম বলেন, জমিটি তারা ১৯৮৬ সালে কিনেছেন এবং ভোগদখলে বাধা দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।