স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বৈঠক, রোহিঙ্গা সংকটে জোরালো আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক। শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ অভিবাসনে বিশ্বাসী হলেও রোহিঙ্গা সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি এই সংকট মোকাবিলায় জাতিসংঘের ছায়াতলে আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক তহবিল সহায়তার আহ্বান জানান।মন্ত্রী আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করছেন।এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে জাতিসংঘের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতিসংঘ সবসময় অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এত বড় শরণার্থী সংকট দীর্ঘদিন ধরে এককভাবে সামাল দেওয়া বাংলাদেশের পক্ষে কঠিন।তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সমর্থন, চাপ ও সহযোগিতা এখন সময়ের দাবি।বৈঠকে এসডিজি বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এ সময় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।