প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বাণিজ্য বৈঠক, ইউরোপের বাজারে নতুন সম্ভাবনা
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার এবং ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়াতে প্যারিসে দ্বিপক্ষীয় ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স সফররত এফবিসিসিআইয়ের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীরের নেতৃত্বে ২২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। তৈরি পোশাক, প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাদ্য ও সেবা খাতের প্রতিনিধিরা এতে অংশ নেন। আলোচনায় ফ্রান্সসহ পুরো ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রবেশাধিকার সহজ করা, যৌথ বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে গুরুত্ব দেওয়া হয়। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও পরিবর্তিত ইউরোপীয় বাণিজ্য-শুল্ক কাঠামোর প্রেক্ষাপটে দুই দেশের আমদানি-রপ্তানি সম্পর্ক আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ব্যবসায়ী প্রতিনিধিরা।বৈঠকে ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকম সেলিম বলেন, ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সরাসরি সমন্বয় বাড়াতে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ। অন্যদিকে, এফবিসিসিআই প্রতিনিধি দলের প্রধান মো. আলমগীর ইউরোপের বিভিন্ন ব্যবসায়িক জোটের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ স্থাপনে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের ভূমিকার প্রশংসা করেন।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা ফ্রান্সসহ ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে। বৈঠক শেষে অতিথিরা চেম্বারের আয়োজিত গালা ডিনারে অংশ নেন।