শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ে ৬৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে বৃহৎ পরিসরের শিক্ষা সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)। তিনি জেলা স্টেডিয়ামে পৌঁছালে তাকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়।সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা।আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতেও এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঠাকুরগাঁওয়ে ৬৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত