সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে গেছেন।রোববার (১০ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, শনিবার (৯ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন হজযাত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।
হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের যাতায়াত ও অবস্থান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।