মিশরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি আলেমদের গুরুত্বপূর্ণ বৈঠক
বাংলাদেশ ও মিশরের মধ্যে ধর্মীয় শিক্ষা, গবেষণা এবং ইসলামি জ্ঞানচর্চায় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে মিশরের গ্র্যান্ড মুফতি ও দারুল ইফতা আল-মিসরিয়ার প্রধান ড. নাজির মুহাম্মদ আইয়াদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি আলেমদের একটি প্রতিনিধিদল।সোমবার (২৯ জুন) কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইমাম প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলটি গ্র্যান্ড মুফতির কার্যালয়ে এ বৈঠকে অংশ নেয়।বৈঠকে ড. নাজির মুহাম্মদ আইয়াদ বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক এবং জ্ঞানভিত্তিক সম্পর্ক রয়েছে। এ ধরনের প্রশিক্ষণ ও সফর দুই দেশের আলেমদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ইসলামি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।তিনি ইফতা (ফতোয়া) শিক্ষা, ফতোয়া গবেষণা এবং মুফতিদের প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।গ্র্যান্ড মুফতি বলেন, একজন যোগ্য মুফতির জন্য শুধু ধর্মীয় জ্ঞান নয়, সমাজের বাস্তবতা, মানুষের জীবনধারা এবং পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে গভীর উপলব্ধিও অপরিহার্য। এর মাধ্যমে সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ফতোয়া প্রদান সম্ভব।তিনি বাংলাদেশি ইমাম ও আলেমদের নিজ নিজ দেশে ইসলামের শান্তি, সহনশীলতা, মানবিকতা ও মধ্যপন্থার আদর্শ প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানান।বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুল ইফতা মিসরের শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।সাক্ষাৎ শেষে ঢাকার দারুল আরকাম আল-ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি নুরুল্লাহ জানান, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃক মুআদালাকৃত দারুল আরকাম আল-ইসলামিয়ায় সমসাময়িক ফতোয়া বিভাগ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে গ্র্যান্ড মুফতি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।প্রতিনিধিদলে আরও ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রভাষক মাওলানা জোহায়ের ফুরকান, দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুর মাজহার আনোয়ারী, দারুল আরকাম আল-ইসলামিয়া উত্তরার শিক্ষক মাওলানা হাফিজ শিব্বির আহমেদ, খিলক্ষেত জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ সাইফুল্লাহ বিন জাফর এবং বনানী সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন।